নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটের জনগুরুত্বপূর্ণ নাঙ্গলকোট-মাহিনী-বাঙ্গড্ডা সড়কটির বেহাল দশা বিরাজ করছে। সড়কটি সংস্কারের দুবছরের মধ্যে কার্পেটিং উঠে ছোটো-বড়ো অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে এলাকাবাসীকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটির বিশেষ করে মাহিনী থেকে ছুপুয়া পর্যন্ত সবচেয়ে বেশি ছোটো-বড়ো গর্ত রয়েছে। এছাড়া অলিপুর বাজার থেকে জোড়পুকুরিয়া, মান্দ্রা হয়ে নাঙ্গলকোট পর্যন্ত বিভিন্ন স্থানে ছোটো-বড়ো অনেক গর্ত রয়েছে। ছোটো-বড়ো অসংখ্য গর্তের মধ্য দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, মালবাহী পিকআপভ্যান, ট্রাক, ট্রাক্টরকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দিয়ে ছোটো-বড়ো পরিবহনে অসুস্থ রোগী ও প্রসূতি মায়েদের যাতায়াত করতে গিয়ে আরো অসুস্থ হতে হয়। এছাড়া সাধারণ জনগণকেও সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ছোটো-বড়ো গর্ত দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়।
ছুপুয়া গ্রামের কামাল হোসেন, মোশারফ হোসেন, সিএনজিচালিত অটোরিকশা চালক মিন্টু অভিযোগ করে বলেন, নিম্নমানের সংস্কার কাজের কারণে দুই বছর না যেতেই সড়কটির বেহাল দশা বিরাজ করছে। ছোটো-বড়ো গর্তের মধ্যদিয়ে যানবাহনে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী উজ্জল চৌধুরী বলেন, এ সড়কটির বেহাল দশার বিষয়টি আমার জানা আছে। দ্রুত সড়কটি যেন সংস্কার হয় এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
