ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটে শনিবার দুপুরে বন্যার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এরা হলো উপজেলার চকেরকান্দা গ্রামের মো. হযরত আলীর ছেলে জিহাত (৪) ও আয়ুব আলীর ছেলে তানজিন (৪)। নিহতরা চাচাতো জেঠাতো ভাই।
মদন (নেত্রকোনা) : মদনে শুক্রবার রাতে পানিতে ডুবে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম রুকন মিয়া (৪৩)। তিনি উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের মরাজ আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান এ কে এম নরুল ইসলাম ছদ্দু নিশ্চিত করেছেন।
বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে শুক্রবার সন্ধ্যায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে বন্যার পানি দেখে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতে ভেসে আরো এক যুবক নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার কুশলনগর গ্রামে বন্যার পানিতে ডুবে রাহাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে একই দিন বন্যার পানি দেখে বাড়ি ফেরার পথে ঘুঘরা কান্দি ব্রিজ এলাকায় সুজন মিয়া (২০) স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে। এ নিয়ে শনিবার পর্যন্ত বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে।
