নিকলীতে পোড়ানো হলো অবৈধ কারেন্ট জাল

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৪৭

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলীতে শনিবার সকালে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আবু সাঈদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বড়ো হাওরে অভিযান চালিয়ে ঐ জাল জব্দ করে।

উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, মত্স্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বড়ো হাওরে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক জেলে জাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে দেওয়া হয়।

নলডাঙ্গায় অবৈধ কারেন্ট

জাল  ধ্বংস

নাটোর প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গায় হাটে বিক্রির সময় শনিবার প্রায় ১ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বী। এ সময় উপজেলা মত্স্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার উপস্থিত ছিলেন। উপজেলা মত্স্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে মত্স্য বিষয়ক আইন বাস্তবায়নে ঐদিন নলডাঙ্গা হাটে আমদানি নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছে এমন সংবাদে হাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযান শুরু হলে ব্যবসায়ীরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

পলাশে ১০ হাজার মিটার

 কারেন্ট জাল জব্দ

পলাশ (নরসিংদী) সংবাদদাতা জানান, পলাশের ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের বড়বিলে শনিবার সকালে প্রায় ১০ হাজার মিটার (৮০টি) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মত্স্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মত্স্য কর্মকর্তা রুবানা ফেরদৌসীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ঐ জালগুলো পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা রুবানা ফেরদৌসী জানান, অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে পলাশ উপজেলার অন্যান্য বিলেও এ অভিযান অব্যাহত থাকবে।