‘শোয়েব আখতার ১০০ এমপিএইচ’ নামে নিজের ইউটিউব চ্যানেলে আছে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। দীর্ঘদিন ধরেই সেখানে ক্রিকেট–বিষয়ক আলোচনা করে আসছেন তিনি। ৩৮ লাখের মতো অনুসারী শোয়েবের। যার মধ্যে রয়েছে অনেক ভারতীয়। সোমবার (২৮ এপ্রিল) থেকে ভারতে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলটি দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনেক ভারতীয় এ কথা জানিয়েছেন।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এরপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুপারিশে দেশটিতে সম্প্রতি কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়।
ভারত সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে। কারণ, তারা উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কনটেন্ট, ভুয়া তথ্য এবং ভারতের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছিল।
ভারতে নিষিদ্ধ ইউটিউব চ্যানেলগুলো হলো ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা।
ভারতের সরকারি নিষেধাজ্ঞার তালিকায় নেই শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলটি। বু ভারত থেকে তাঁর অনুসারীরা ওয়েবসাইট বা অ্যাপে অনুসন্ধান করেও চ্যানেলটি খুঁজে পাননি। তবে অ্যাকাউন্টটির পুরোনো ভিডিওগুলো ইউটিউবে বিভিন্নভাবে দেখা যাচ্ছে।
শুধু শোয়েবই নন, পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রশিদ লতিফ এবং বাসিত আলীর ইউটিউব চ্যানেলও ভারত থেকে তাদের অনুসারীরা দেখতে পারছেন না। এগুলো ভুলক্রমে বন্ধ করা হয়েছে কি না, এমন কোনো ব্যাখ্যাও ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি।
