বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর বন্যার পানিমুক্ত থাকলেও বন্যাদুর্গত এলাকার সবজি খেত ডুবে যাওয়ায় উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম তিনগুণ বেড়েছে।
শনিবার বিরামপুর হাট ঘুরে জানা গেছে, এক সপ্তাহ আগে এই হাটে পটল ১০ টাকা, ঢেঁড়শ ১০ টাকা, বেগুন ১০ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা এবং বরবটি ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিন্তু অন্যান্য এলাকায় সাম্প্রতিক বন্যার কারণে সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় ঐ সকল এলাকার ব্যবসায়ীরা বিরামপুর পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহ করছে। এ কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিরামপুর হাটে ঐসব সবজি তিনগুণ বেশি দামে বিক্রি হচ্ছে।
সবজি দোকানি দেলোয়ার, কালাম ও আবছার জানান, রাজধানীসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা বেশি দামে সবজি কিনে নিয়ে যাওয়ার কারণে বিরামপুর বাজারে হঠাত্ সবজির দাম বেড়ে গেছে।
