পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবিতে শুক্রবার বিকালে বৈদ্যুতিক তার টানাকে কেন্দ্র করে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম জিয়াউল হক (৪৩)।
এলাকাবাসী জানায়, উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামের জিয়াউল হকের বাড়িতে বৈদ্যুতিক মিটার স্থাপন করার জন্য পোল থেকে তার টানার সময় একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজিজুল হক বাধা দেয়। এ সময় দুই জনের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির এক পর্যায়ে আজিজুল জিয়াউলের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত জিয়াউলকে প্রতিবেশীরা উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
