কলকাতায় তিনদিনের ‘বাংলা উত্সব’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:৩২

 

কলকাতায় আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বাংলা উত্সব’। কলকাতার নজরুল মঞ্চে তিনদিনের এ উত্সব মূলত বাংলা গানকে ঘিরে। উত্সবে দু-দেশের বিভিন্ন ঘরানার শিল্পীরা গান পরিবেশন করবেন। বাংলাদেশ থেকে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শ্যামা রহমান, চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। নাচ পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। এতে বিশেষ সম্মান জানানো হবে সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে। বাংলা সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পাচ্ছেন তিনি। আরো সম্মানিত হবেন ভারতের সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। এছাড়াও ভারত থেকে এই তালিকায় থাকছেন শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীসহ অনেকে।

দুই বাংলার গানের শিল্পীদের অংশগ্রহণে আগামী ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ উত্সবটি।

জানা গেছে, এর আগে ২০১৩ সালে এমন একটি আয়োজন করা হলেও সেখানে বাংলার বাইরেও অন্য ধরনের গান ছিল। তবে এবার থেকে শুধু বাংলা গান নিয়েই এ আয়োজন করা হবে।