আরিফুর রহমান
দেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ও শীর্ষস্থানীয় আইটি কনসালটিং ও সফটওয়্যার সল্যুশন কোম্পানি ইজেনারেশন লিমিটেডে এর মধ্যে এসএপি ইআরপি সল্যুশন গ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার রাজধানীতে এনার্জিপ্যাকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে এসএপি এর অন্যতম শীর্ষ পার্টনার ইজেনারেশন। এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ইআরপি) এবং ডেটা ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্য এসএপি বিশেষভাবে পরিচিত। বিভিন্ন প্রতিষ্ঠানের উত্পাদনশীলতার পাশাপাশি বিজনেস প্রসেসিংকে সহজতর করতে এসএপি এর খাতভিত্তিক বিভিন্ন ধরনের মডিউল সুপরিচিত ও পরীক্ষিত। ওয়ালমার্ট, এক্সন মোবিল, বার্কশায়ার হ্যাথাওয়ে, অ্যাপল, ইউনাইটেড হেলথ গ্রুপ, ম্যাকেসন, সিভিএস হেলথ, অ্যামাজন, এটিঅ্যান্ডটি, জেনারেল মটরসসহ বিশ্বব্যাপী ফরচুন ৫০০ কোম্পানির প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠান এসএপি ব্যবহার করে। বাংলাদেশে শতাধিক ব্যবসায় প্রতিষ্ঠানে তাদের বিজনেস প্রসেসে এসএপি বাস্তবায়ন করেছে। গত কয়েক বছরে এসএপি এর মূল্য উল্লেখজনকভাবে কমেছে এবং বাংলাদেশি বাজারের জন্য অধিক গ্রহণযোগ্য করে তোলা হয়েছে। ফলস্বরূপ, অধিক সংখ্যক বাংলাদেশি এন্টারপ্রাইজ এখন তাদের বিজনেস প্রসেসকে উন্নত করতে এসএপি ব্যবহার করছে। ইজেনারেশন এসএপি এর মাধ্যমে এনার্জিপ্যাক, ব্র্যাক ইউনিভার্সিটি, এস. আলম গ্রুপ এবং ইউনিগ্যাসসহ অনেকগুলো বৃহত্ প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে কাজ করছে।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ এবং ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, এনার্জিপ্যাকের এলপিজি বিভাগের হেড অব অপারেশন নাওয়িদ রশিদ, মোটর ভেহিকল বিভাগের এজিএম ফাইয়াজ হাসান চৌধুরী, হেড অব আইটি অ্যান্ড ইআরপি ওয়াহিদ সাদাত চৌধুরী, ইজেনারেশন লিমিটেডের এসএপি টিম লিডার শামিম সারওয়ার উপস্থিত ছিলেন।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ বলেন, এনার্জিপ্যাক শুধুমাত্র তার ভালোমানের এনার্জি সেভিং পণ্যের জন্য নয়, পাশাপাশি এর সেবার মানের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বদ্ধপরিকর। ইজেনারেশন এর মতো একটি স্থানীয় কোম্পানি এসএপিতে সক্ষমতা তৈরি করাতে এবং দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা প্রত্যাশা করি, এসএপি সল্যুউশন এনার্জিপ্যাকের কার্যক্রম আরো গতিশীল করবে এবং আন্তর্জাতিক মার্কেটে নেতৃত্বদানকারী কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে।
ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান বলেন, ইজেনারেশনের লক্ষ্য হলো—বাংলাদেশকে এসএপি কনসালটিং সেবার হাব হিসেবে তৈরি করা। গতবছর, ভারতের এসএপি পার্টনার কোম্পানিগুলো এসএপি কনসালটিং সেবার মাধ্যমে ৪০ বিলিয়ন ডলার রফতানি আয় করেছে। বাংলাদেশ যদি ৭-৮ হাজার এসএপি সার্টিফায়েড দক্ষ জনশক্তি তৈরি করতে পারে তাহলে এসএপি কনসালটিং সেবার মাধ্যমে আমরা এক বিলিয়ন ডলার রফতানি আয় করতে পারব। এছাড়া, স্থানীয় বৃহত্তম বাণিজ্যক প্রতিষ্ঠানগুলো প্রতিবছর এসএপি কনসালটিং সেবার জন্য হাজার হাজার কোটি টাকা বিদেশি এসএপি কনসালট্যান্টদের পরিশোধ করে। এই সকল অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে, এমনকি ঐসব কনসালট্যান্টরা ইচ্ছাকৃতভাবে স্থানীয় কনসালট্যান্টদের সঙ্গে জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর করছে না। এক্ষেত্রে ইজেনারেশন এই আমদানির স্থানীয় বিকল্প তৈরিতে কাজ করছে এবং স্থানীয় এসএপি সার্টিফায়েড দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
এনার্জিপ্যাক দেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির সরবরাহে শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, সর্বাধুনিক প্রযুক্তি যেমন ডাটা অ্যানালাইটিক্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, ডিজিটাল প্লাটফরম এবং ইন্টারনেট অব থিংকস (আইওটি) নিয়ে কাজ করা ইজেনারেশন দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি।
