নারী উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বাইরেও দেশের জেলা উপজেলা পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি করতে সরকারের কিছু উদ্যোগ চলমান রয়েছে। এবার দেশের সব জেলা ও উপজেলায় ক্ষুদ্র মাঝারি নারী উদ্যোক্তাদের সহায়তা দিতে বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল শনিবার কাকরাইলে আইডিইবি ভবনে নারী উদ্যোক্তাদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এছাড়া প্রতিটি মার্কেটে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা কোটা রাখা হবে। নারী উদ্যোক্তা উন্নয়ন ও এক্ষেত্রে কাজ করার স্বীকৃতি হিসেবে বিডব্লিউসিসিআই প্রগ্রেসিভ অ্যাওয়ার্ড উপলক্ষ্যে ঐ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। সংগঠনের সভাপতি সেলিমা আহমাদের সভাপতিত্বে ঐ সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থনীতিবিদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি, বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী নারী উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, পণ্যের গুণগত মান বজায় রাখলে সফলতা আসবে। সেক্ষেত্রে ব্যাংকও সহযোগিতা করতে এগিয়ে আসবে। নারী উদ্যোক্তা উন্নয়নে শিল্প মন্ত্রণালয় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
এ সময় সংগঠনের সভাপতি সেলিমা আহমাদ তৃণমূলে নারী উদ্যোক্তাদের অর্থায়নের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নারীরা যাতে ঋণ সহায়তা পায়, সেজন্য যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা প্রয়োজন। এসএমই মেলায় নারী উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া এবং এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণে তৃণমূলের নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার দাবি জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের নারীরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই। তা সত্ত্বেও তারা সহিংসতা, নির্যাতন ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। এসব প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ২০১৮ সালের জন্য দেশের আটটি বিভাগের আট জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—ঢাকার ক্লে ইমেজের স্বত্বাধিকারী রেহানা আক্তার, পাবনার পড়শী বুটিকের স্বত্বাধিকারী মালা সরকার, দিনাজপুরের শাহীনুর ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী জান্নাতুস সাফা শাহীনুর, সিলেটের গোলাপগঞ্জের সানরাইজ বিউটি পার্লারের স্বত্বাধিকারী সোহানা রহমান চৌধুরী, খুলনার সিহাব বুটিকের মালিক নুরজাহান খানম, কক্সবারের শাওন পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্মের মালিক নয়ন সেলিনা, জামালপুরের সৃষ্টি হস্তশিল্পের মালিক সাঈদা আক্তার, ঝালকাঠির ইরানী এমব্রয়ডারি অ্যান্ড টেইলার্সের মালিক তাহমিনা মোর্শেদ ইরানী। এছাড়া গণমাধ্যম থেকে সময় টিভির ইমতিয়াজ আহমেদ সোহেল ও প্রথম আলোর মানসুরা হোসাইন সম্মাননা পেয়েছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) এদেশীয় পরিচালক মনমোহন পারকাশ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শামস-উল ইসলাম।
