শনির আখড়ায় এসি বিস্ফোরণে ২ কর্মচারী দগ্ধ

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৫৭

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর শনির আখড়া এলাকার একটি ফাস্টফুডের দোকানের এসি বিস্ফোরণে দুই কর্মচারী দগ্ধ হয়েছেন। তারা হলেন— সাইফুল ইসলাম ও ইমরান। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিত্সক বলছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। সাইফুলের শরীরের ৭০ শতাংশ ও ইমরানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ ইমরান জানান, শনির আখড়ার গোয়ালবাড়ীর মোড়ে বার্গারো নামে একটি ফাস্টফুড দোকানের কর্মচারী তিনি ও সাইফুল। সকাল সাড়ে ১০টার দিকে দোকান খোলার পর পোড়া গন্ধ পান তিনি। গন্ধের উত্স খোঁজার মুহূর্তে বিকট শব্দ হয়। এতে তারা দগ্ধ হয়েছেন। তাদের বাসা শনির আখড়ায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, এসি বিস্ফোরণে দুই কর্মচারী দগ্ধ হয়েছেন।