কাঁঠালবাগানে বহুতল ভবনে আগুন

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৫৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কাঁঠালবাগান ঢালে অবস্থিত একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ১০ তলা ভবনের চতুর্থ তলার পিছনের অংশে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, ভবনের পিছনের অংশে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রপাতি (এসি) স্থাপন করা ছিল। তাতে আগুন ধরে যাওয়ার পর পাশের আরেকটি ১০ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ঐ ভবনের বিভিন্ন ফ্ল্যাট থেকে লোকজন বের হয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বহুতল এফ হক টাওয়ারের চতুর্থ ও পঞ্চমতলার বেশ কয়েকটি কক্ষ এবং কয়েকটি এসি পুড়ে গেছে।