ডিম খাওয়া নিয়ে বিভ্রান্তি

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৫৮

ডা. সঞ্চিতা বর্মন

আমরা মোটামুটি সবাই জানি যে ডিম পুষ্টিগুণে ভরপুর এবং খুবই উপকারী একটি খাবার। কিন্তু পুষ্টি বেশি ডিমের কুসুমে না সাদা অংশে, তা আমরা অনেকেই জানি না। ডিমের সাদা অংশ ও কুসুমের মধ্যে ক্যালোরির বেশ তারতম্য রয়েছে। একটি বড়ো ডিমের কুসুমে প্রায় ৫৫ ক্যালোরি থাকে এবং সাদা অংশে থাকে ১৭ ক্যালোরি। ডিমের কুসুমের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট ও ডায়াটারি কোলেস্টেরল থাকে, যা দেহের কোলেস্টেরল বাড়ায় এবং হূদেরাগের ঝুঁকি তৈরি করে। কিন্তু ডিমের কুসুমে তুলনামূলক পুষ্টির পরিমাণ বেশি। এর মধ্যে রয়েছে ভিটামিন বি৬, বি১২, এ, ডি, ই, ও কে।

এছাড়া রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও স্যালেনিয়াম। ডিমের সাদা অংশে মূলত অ্যালবুমিন নামক প্রোটিন থাকে। এটিতে ক্যালোরি কম এবং এটি ফ্যাট ফ্রি। এর মধ্যে থাকা পটাশিয়াম মিনারেল উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ডিমের কুসুম ও সাদা অংশ উভয়ই স্বাস্থ্যের জন্য উপকারী। কোনোটাই বাদ দিয়ে খাওয়া উচিত নয়। তবে যারা কোলেস্টেরল নিয়ে ভাবছেন বা এর ঝুঁকিতে রয়েছেন, তারা পরিমিতভাবে কুসুম খেতে পারেন।

লেখক : ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ