শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল
স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে উঠার মঞ্চ ধরা হয়েছিল শ্রীলঙ্কা সফরকে। কিন্তু গতকাল সেই সফরের বিমানে চড়ার আগে বাংলাদেশ দলটা যেন ‘আহত’ শিবির হয়ে গেল। শুক্রবার সন্ধ্যায় চোটের ছোবলে সফর থেকে ছিটকে গেলেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সাকিব আল হাসান, লিটন দাস আগেই ছুটি নিয়েছিলেন এই সিরিজ থেকে।
শুক্রবার সন্ধ্যায় চোটের ধাক্কায় এলোমেলো বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালকে। গতকাল দুপুরে তামিমের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে লঙ্কা মিশনে গেলেন সাত ক্রিকেটার। অধিনায়ক তামিমের সঙ্গে বিমানে চড়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত। কোচিং স্টাফদের মধ্যে ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ান, ব্যাটিং কোচ ওয়াসিম জাফর, বোলিং কোচ চম্পকা রমানায়েকে, টিম অপারেশন্স ম্যানেজার সাব্বির খান উড়াল দিয়েছেন দলের সঙ্গে।
বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, তামিমরা গতকাল বিকালেই কলম্বো পৌঁছে গেছেন। ভারতের ব্যাঙ্গালোর থেকে গতকাল সন্ধ্যায় কলম্বো পৌঁছেছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। তাদের সঙ্গে ফিজিও বায়েজিদুল ইসলাম খানও কলম্বো গিয়েছেন। এছাড়া ফিল্ডিং কোচ রায়ান কুক যোগ দিয়েছেন দলের সঙ্গে।
চট্টগ্রামে ‘এ’ দলের হয়ে শুক্রবার প্রথম ওয়ানডে খেলা রুবেল হোসেন আজ একা কলম্বো যাবেন। আগামীকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে কলম্বো যাবেন আরো চার ক্রিকেটার। আজ চট্টগ্রামে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন ও ফরহাদ রেজা। ম্যাচটি খেলার পর প্রধান নির্বাচকের সঙ্গেই শ্রীলঙ্কা যাবেন তারা।
শুক্রবার সন্ধ্যায় মাশরাফি ইনজুরিতে পড়ার পর অধিনায়কের দায়িত্ব নেন তামিম। বাঁহাতি এই ওপেনারের মতে, লঙ্কা সফরে বাংলাদেশ দলের অনেক কিছু প্রমাণের রয়েছে। চ্যালেঞ্জটা কঠিন হয়ে গেলেও তামিমের আশা ক্রিকেটাররা সুযোগটি লুফে নিবে এবং এই সফরে ভালো করবে দল।
গতকাল দেশত্যাগের আগে বিমানবন্দরে অধিনায়কের দায়িত্ব নিয়ে তামিম বলেছেন, ‘সিদ্ধান্তটা সাধারণত বোর্ড থেকে আসে কে অধিনায়ক হবে বা না হবে। আমার কাছে মনে হয় সিরিজটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে একটি টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন তামিম। নিয়মিত, অভিজ্ঞ অনেক ক্রিকেটার না থাকলেও ভালো কিছুর আশা করছেন তিনি। গতকাল বিমানবন্দরে বলেছেন, ‘আমাদের যে দল যাচ্ছে, এই দলের প্রমাণ করার অনেক কিছু আছে। ইনজুরি এবং অন্যান্য কারণে দলের অনেক অভিজ্ঞ ক্রিকেটাররা এই সিরিজে যাচ্ছে না। আমার কাছে মনে হয় এই সিরিজে অনেক চ্যালেঞ্জিং। শ্রীলঙ্কা তাদের হোম কন্ডিশনে অনেক শক্তিশালী দল। তবে এর আগের সিরিজগুলোতে দেখেছি আমরা অনেক ভালো করেছি। আমরা কোনো কারণ খুঁজে পাই না ভালো না করার।’
সতীর্থদের ছুটি, চোটাঘাতে দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের জন্য শ্রীলঙ্কা সফর বড়ো সুযোগ বলে মনে করেন তামিম। তিনি বলেছেন, ‘স্কোয়াডে যারা আছে তারা যদি দুই হাতে সুযোগটি লুফে নেয়, তাহলে সেটা বাংলাদেশ দলের পাশাপাশি তাদের জন্যও ভালো হবে।’
নেতৃত্বের ভার নিলেও ব্যাটসম্যান তামিম সুবিধাজনক অবস্থায় নেই। বিশ্বকাপে ২৩৫ রান করলেও সমালোচিত হয়েছেন। বাঁহাতি এই ওপেনার লঙ্কা সফরে নতুন চ্যালেঞ্জ জয়ের আশা করছেন। গতকাল তিনি বলেছেন, ‘আমি যে ধরনের আশা করেছিলাম (বিশ্বকাপে) খেলার সে ধরনের খেলা খেলতে পারি নাই। সামনে নতুন চ্যালেঞ্জ। আশা করছি ভালো কিছু হবে। দেখি কি হয়।’
