হেরেও ইতিবাচক লিভারপুল

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:০৮

স্পোর্টস ডেস্ক

ইউরোপসেরা লিভারপুল প্রাক মৌসুম প্রীতি ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে হেরেছে। দলের কোচ য়ুর্গেন ক্লপ অবশ্য হারের চেয়ে দলের পারফরম্যান্সের ইতিবাচক দিকগুলোই বড়ো করে দেখছেন।

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার ম্যাচটিতে লিভারপুলের পক্ষে গোল করেন তরুণ খেলোয়াড় হ্যারি উইলসন ও রিয়ান ব্রুস্টার। কিন্তু পাকো আলকাসার, থমাস ডেলানি ও জ্যাকোব ব্রুন লারসেনের গোলে সাবেক কোচের দলকে ৩-২ গোলে হারায় বরুসিয়া।

হারের পর লিভারপুল কোচ জানান, তীব্র গরমে দুই দলেরই কিছুটা অসুবিধা হচ্ছিল। ক্লপের ভাষায়, ‘যা অবস্থা ছিল, তাতে দুই দলের জন্যই খেলাটা কঠিন ছিল। প্রচণ্ড গরম পড়েছিল।’

ক্লপের মতে, খেলোয়াড় পরিবর্তনে সময় নেওয়াতেই ফল অনুকূলে আসেনি তার দলের। তিনি বলেন, ‘প্রথমার্ধের দল নিয়েই দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে খেলছিলাম আমরা। ডর্টমুন্ড এই সময়ে নতুন খেলোয়াড় এনেছে এবং এটাই ম্যাচেই ভাগ্য গড়ে দিয়েছে বলে আমার মনে হয়।’

ক্লপ শ্রেয়তর প্রতিপক্ষ হিসেবে ডর্টমুন্ডকেই মেনে নিলেন, ‘ম্যাচে ভালো কিছু ফুটবলীয় মুহূর্ত ছিল এবং আপনি দেখবেন, প্রাক মৌসুমে তারা আমাদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছে।’

ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত এক দল নিয়ে খেলেছে লিভারপুল। এরপরই ১১ জন খেলোয়াড় বদলি হিসেবে নামান ক্লপ। জার্মান এই কোচ জানান, কৌশলগত কারণেই দুটি দল খেলিয়েছেন তিনি। ক্লপ বলেন, ‘এটা আমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ সেশন ছিল। এক দলের জন্য ৬০ মিনিট একটু বেশি হয়ে গেলেও তাদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতেই হতো। অন্য দলের জন্য ৩০ মিনিট যথার্থ ছিল। প্রাকেমৗসুমের শুরুর দিকে এই পরিস্থিতিতে আছি আমরা। এভাবেই আমাদের চালিয়ে যেতে হবে এবং মূল সেশনেও এটা চালু রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা গোলগুলো হজম করেছি মূলত গুছিয়ে উঠতে পারিনি বলে। যখন আপনি দলে অনেক পরিবর্তন আনবেন, ঠিকঠাকভাবে গুছিয়ে ওঠাটা কঠিনই হয়ে পড়ে। প্রাকেমৗসুমের শেষ দিকে এটা ঠিক হয়ে যাবে বলে আশা করি।’

ফেনওয়ে পার্কে নিজেদের পরবর্তী প্রাকেমৗসুম ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে লিভারপুল।