ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:০৯

স্পোর্টস ডেস্ক

আসন্ন ইউএস ওপেনে ৫৭ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ঘোষণা দিয়েছে প্রতিযোগিতাটির কর্তৃপক্ষ, যা গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসেরই সর্বোচ্চ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আয়োজকরা।

পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নদের প্রত্যেকেই পাবেন প্রায় চার মিলিয়ন ইউএস ডলার। এদিকে পুরুষ ও নারী দ্বৈতে দলগুলো পাবে সাড়ে সাত লাখ ইউএস ডলার করে। এর ফলে নিজস্ব সর্বোচ্চ প্রাইজমানির রেকর্ড তো পার করবেই, ইতিহাসেরও সবচেয়ে বেশি প্রাইজমানি দেওয়া গ্র্যান্ড স্ল্যামে পরিণত হবে ইউএস ওপেন। আয়োজকরা জানান, ২০১৮ সাল থেকে প্রাইজমানির পরিমাণ আট শতাংশ বেড়েছে। এমনকি প্রতি রাউন্ডে প্রতিযোগিতাটির ব্যয়ের পরিমাণও চারটি গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছেন তারা। আয় বাড়বে ইউএস ওপেনের বাছাইপর্বে খেলা প্রতিযোগীদেরও। চলতি বছরের ইউএস ওপেন আগামী ২৭ আগস্ট শুরু হবে। টেনিস সূচির বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর।