স্পোর্টস রিপোর্টার
ব্যাঙ্গালুরুতে মিনি রঞ্জি ট্রফি খেলছে বিসিবি একাদশ। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে চার দিনের ম্যাচের এই টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে দুটিই ড্র করেছে মুমিনুল হকের দল। আগামীকাল থেকে শুরু হবে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ। গ্রুপ পর্বের এই শেষ ম্যাচে কেসিএ সেক্রেটারি একাদশের বিরুদ্ধে লড়বে বিসিবি একাদশ।
জাতীয় দলের শ্রীলঙ্কা সফর, মাশরাফি-সাইফউদ্দিনের ইনজুরি মিলে বিসিবি একাদশের স্কোয়াডেও পরিবর্তন এসেছে। গতকালই ব্যাঙ্গালুরু থেকে শ্রীলঙ্কা উড়ে গেছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। তারা দুজনই দুটি চার দিনের ম্যাচ খেলেছেন মিনি রঞ্জি ট্রফিতে। এদিকে গতকাল এই টুর্নামেন্ট খেলতে ব্যাঙ্গালুরু গেছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। তাইজুলের বদলি হিসেবেই বিসিবি একাদশে ডাক পেয়েছেন তিনি। সর্বশেষ আফগানিস্তানের বিরুদ্ধে খুলনায় চার দিনের ম্যাচে দুই ইনিংসে চার উইকেট নিয়েছিলেন সানজামুল।
গতকাল সকালে সানজামুলের সঙ্গে ব্যাঙ্গালুরু উড়ে গেছেন বিসিবির ফিজিও এনামুল হক। কারণ বিসিবি একাদশের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদুল ইসলাম খান তাসকিনদের সঙ্গে চলে গেছেন কলম্বো। শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি।
