অভিনেতা নিলয় আলমগীর। ঈদ উপলক্ষে চলতি সময় শুটিং নিয়েই ব্যস্ত তিনি। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করছেন নিয়মিত। রিয়েলিটি শো থেকে নিজের ক্যারিয়ারের শুরু। এখন পর্যন্ত কাজ করছেন নিয়মিত। নিজের কাজের বর্তমান অবস্থা প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। পাশাপাশি নাটকের অন্যান্য প্রসঙ্গেও কথা বললেন তিনি।
সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
কেমন আছেন?
বেশ ভালো আছি। ঈদের জন্য একটু ব্যস্ততায় সময় যাচ্ছে।
শুরুতে তাহলে ঈদে কাজ প্রসঙ্গে বলুন—
নাটক ও টেলিফিল্ম নিয়েই ব্যস্ততা যাচ্ছে। সব নামগুলো একসঙ্গে মনে নেই। ভালো কিছু কাজ করার চেষ্টা করছি। প্রচারের পর বাকি মন্তব্য দর্শকরাই করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে একটি ওয়েব সিরিজ শুরু হয়েছে। তবে সেটি ঈদের আগেই শেষ হয়ে যাবে।
আপনার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। ঈদ উপলক্ষে নিজের চ্যানেলের জন্য বিশেষ কিছু নির্মাণ করেছেন কি-না?
আসলে ঈদের সময় সাধারণ সময়ের চেয়ে ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়। সেই জায়গা থেকে নিজের জন্য কাজের সময় বের করাটা অনেক কঠিন। মাঝে দু-একদিন বিরতি থাকলেও সেই সময়টায় তাড়াহুড়ো করে একটা কাজ করা সম্ভব না। তাই এবার ঈদে তেমন কোনো সুযোগ পাইনি। তবে সামনে হয়তো করবো।
নাটকের গল্প ও চরিত্র কমে যাওয়াসহ অনেক বিষয় নিয়ে সমালোচনা রয়েছে। কাজের অভিজ্ঞতা থেকে এগুলোর ব্যাখ্যা কিভাবে দেবেন?
বিষয়টি অস্বীকার করার জায়গা যেমন নেই, তেমনি পুরোপুরি একমত হওয়ার সুযোগও নেই। কারণ দশটা কাজ হলে সেখানে কয়েকটা ভালো কাজ হচ্ছে। তবে হ্যাঁ, গল্পের জায়গায় ব্যক্তিগত ভালোলাগা অনেক সময় কাজ করে না। চরিত্রের সংখ্যাও কমছে, এটিও ঠিক। তবে ভালো কাজ হচ্ছে। এখন যাঁরা কাজ করছেন তাঁদের মাঝে নিশো ভাই, অপূর্ব ভাই ভালো কাজ করছেন। তাঁদের জনপ্রিয়তার জন্য ভালো কাজের ডাক তাঁরাই প্রথমে পান।
তাহলে কী আপনার কাছে ভালো কাজের ডাক কম আসে?
নাটকের খুব জনপ্রিয় এখন যাঁরা রয়েছেন তাঁদের প্রথমদিকে আমি হয়তো নই। তবে আজকে না থাকলেও কাল যে থাকবো না এমনটাও না। জনপ্রিয়তাকে মেনে নিতে হবে। আর সেটা সময়ের সঙ্গে বদলায়।
ইউটিউবের জন্য ওয়েব সিরিজ অনেকদিন ধরেই করছেন। বড় পরিসরের কাজে কবে আপনাকে পাওয়া যাবে?
এখন পর্যন্ত বড় পরিসরে কাজ করার সাহস করিনি। ধীরে ধীরে এগুচ্ছি। সামনে হয়তো করবো।
সিনেমার পরিকল্পনা কী আর করবেন না?
এখনই না। ছোটপর্দা নিয়েই ভালো আছি।
