বিনোদন রিপোর্ট
জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ৩৬তম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৯টি পরিবেশনা দিয়ে। পরিবর্তনের এবারের পর্বে থাকছে ৩টি নতুন গান। দুটি গান পরিবর্তনের জন্যই তৈরি করা হয়েছে। সুজন আরিফের সুর ও সংগীত পরিচালনায় একটি গান গাইবেন এ প্রজন্মের সংগীতশিল্পী প্রিয়াংকা বিশ্বাস। জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজের সুর ও সংগীতে একটি গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী এফ এ সুমন ও বন্যা তালুকদার।
অটম নাল মুনের কথা, সুর ও সংগীতে আরো একটি গান গাইবেন সংগীতশিল্পী আয়শা মৌসুমী। সিঁথি সাহার গাওয়া রোমান্টিক একটি গানের সঙ্গে সোহাগ ড্যান্স গ্রুপের সহশিল্পীদের নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী সিনথিয়া রহমান। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৩ জন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় সদ্য শেষ হয়ে যাওয়া বিশ্বকাপ ক্রিকেট। নাট্যাংশগুলোতে ফলে বিষাক্ত ওষুধ মিশানো, ক্রিকেট জ্বর, ভুঁইফোড় নাট্য নির্মাতা, ইতিবাচক বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য, কোরবানির পশু মোটাতাজাকরণ, নাটকে কান্নার আধিপত্য, দুর্নীতি দমন কমিশনের কেউ কেউ দুর্নীতিতে জড়ানো, পরনিন্দা পরচর্চা, ঘুষ দুর্নীতি ও বিদেশি অপসংস্কৃতি চর্চা প্রাধান্য পেয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা, গ্রন্থনা, নির্দেশনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।
