রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকায় বিদ্যুতস্পর্শে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) শাহজাদপুরের বাসার তৃতীয় তলার জানালার পাশের তারে বিদ্যুতায়িত হয় সে।
পরে বিকেল সোয়া ৫টা নাগাদ মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু লাবিবা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পসরা গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে। বর্তমানে পরিবারের সাথে গুলশানের শাহজাদপুরের বাসায় ভাড়া থাকত। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
মৃত শিশুর বাবা আব্দুল্লাহ বলেন, ‘আজ বিকেলের দিকে আমার মেয়ে বাসার জানালার বাইরে হাত বাড়ালে রাস্তার পাশে বয়ে যাওয়া একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। কিছুক্ষণ পর সে ছিটকে ফ্লোরে পড়ে যায়। বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
