বিনোদন রিপোর্ট
সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হয়ে গেল ‘সানগ্লো মিউজিক্যাল ফেস্ট-১’ শীর্ষক কনসার্ট। অনুষ্ঠানের প্রধান চমক ছিলেন ভারতের ‘আশিকি ২’ সিনেমার ‘শুন রাহা হ্যায়’ খ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি ও বলিউড তারকা সানা খান। কিন্তু অনুষ্ঠানে বিগবস খ্যাত তারকা সানা খান পারফর্ম করলেও আসেননি অঙ্কিত। বাংলাদেশ থেকে এই আয়োজনে আরো ছিলেন ভারতীয় টিভি চ্যানেল ‘জি বাংলা’র ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। ছিলেন এই প্রজন্মের শিল্পী তাসনিম আনিকা। রাত ৮টার পরে কনসার্ট শুরু হয়। মাইক্রোফোন হাতে মঞ্চে হাজির হন দুই উপস্থাপক ফুয়াদ ও শান্তা জাহান। তাসনিম আনিকা মঞ্চে এসে বাপ্পা মজুমদারের ‘বায়ান্ন তাস’, ‘মন ভাবে যারে এই মেঘলা দিনে’, ‘ইটস মাই লাইফ’ এবং আইয়ুব বাচ্চুর স্মরণে ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, নিজের গাওয়া ‘নোলক’ সিনেমার ‘জলে ভাসা ফুল’সহ বেশকিছু গান পরিবেশন করেন। এরপরই স্টেজে হাজির হন বিগবস খ্যাত ভারতের তারকা সানা খান। ‘ছাম্মা ছাম্মা’, ‘বাম ডিগি ডিগিবাম’, ‘পাল্লু লাটকে’সহ জনপ্রিয় কিছু হিন্দি গানের সঙ্গে পারফর্ম করেন তিনি। আঙ্কিতের না আসা অনেকটা ভুলিয়ে দেন সানা। তাঁর মুগ্ধতায় মেতে ওঠেন দর্শকরা। রাত ১০টার পর স্টেজে আসেন গায়ক নোবেল। শুরু করেন আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গান দিয়ে। এরপর ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি গেয়ে শোনান। অনুষ্ঠানে দর্শক-শ্রোতারা তাঁর গান বেশ উপভোগ করেন। করতালির সঙ্গে তাঁকে আরো বেশি গান গাওয়ার জন্য উত্সাহ দেন। এরপর নোবেল জেমসের গাওয়া ‘তারায় তারায়’, ‘বাবা’ গানে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা।
