আনচেলত্তির পিছু ছাড়ছে না ব্রাজিল, নতুন করে বেঁধে দেওয়া হলো সময় 

আপডেট : ০২ মে ২০২৫, ১২:৪৭

ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। গত কয়েকদিন ধরে এমন খবরে ছেয়ে গিয়েছিল ফুটবল দুনিয়া। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ব্রাজিলকে না করে দিয়েছেন আনচেলত্তি! তবুও রিয়াল কোচের পিছু ছাড়ছে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আনচেলত্তির জন্য গতকাল অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কয়েক দিন আগেও জানা গিয়েছিল, রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। কিন্তু এরপরই ভেসে আসে নেতিবাচক খবর। আনচেলত্তির সিবিএফকে মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর কঠোর হয়ে ওঠেন রিয়ালের বোর্ড পরিচালকেরা।

কয়েক দিন আগেও জানা গিয়েছিল, রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। কিন্তু এরপরই ভেসে আসে নেতিবাচক খবর। আনচেলত্তির সিবিএফকে মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর কঠোর হয়ে ওঠেন রিয়ালের বোর্ড পরিচালকেরা।

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, আনচেলত্তি যে সময়ে এবং যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে অসন্তুষ্ট হয়েছে রিয়াল। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এই সমস্যাটা তাঁকে সমাধান করতে হবে।

লা লিগায় ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১১ মে লিগের শেষ ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দলই লিগে আর পাঁচটি করে ম্যাচ খেলবে। লা লিগায় রিয়াল নিজেদের শেষ ম্যাচ খেলবে ২৪ অথবা ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

২৬ মে এর মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সেদিন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে। ইএসপিএন চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, আনচেলত্তি ও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এ বিষয়ে আলোচনায় বসবেন।

আরেকটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, আনচেলত্তি তার বর্তমান চুক্তির মেয়াদ ফুরোনোর আগপর্যন্ত যে পরিমাণ বেতন পাবেন, তার একটি শতকরা অংশ পরিশোধ করতে পারে রিয়াল। আর সিবিএফ ক্ষতিপূরণ দিতে পারে।

আনচেলত্তিকেই জাতীয় দলের কোচ বানাতে চায় সিবিএফ। সে জন্য তারা অপেক্ষা করতেও রাজি। তবে সূত্র আরও জানিয়েছে, আনচেলত্তিকে শেষ পর্যন্ত না পাওয়া গেলে জর্জ জেসুস কিংবা আবেল ফেরেইরার মধ্য থেকে কাউকে বেছে নিতে পারে সিবিএফ।

ইত্তেফাক/জেডএইচ