২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা

আপডেট : ০২ মে ২০২৫, ১৫:১৯

ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। বৃহস্পতিবার (১ মে) ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আসন্ন টুর্নামেন্টের সময়সূচি ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করে। 

এই আসরে প্রথমবারের মতো ১২টি দল অংশ নিচ্ছে। যারা দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ৩৩টি ম্যাচে। ক্রিকেটপ্রেমীদের জন্য ২৪ দিনের রোমাঞ্চকর এক প্রতিযোগিতা অপেক্ষা করছে।

টুর্নামেন্টের সূচি উন্মোচনের অনুষ্ঠানটি আয়োজন করা হয় লর্ডসে। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ইসিবি প্রধান রিচার্ড গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।  

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, 'লর্ডস ২০১৭ সালে নারী ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় রচনা করেছিল। এই ভেন্যুতে আবারও ফাইনাল আয়োজন করাটা এক বিশাল মুহূর্ত। পাশাপাশি, ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের দিকেও এটা এক গুরুত্বপূর্ণ ধাপ।'
 
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি ঐতিহাসিক ও আধুনিক ভেন্যুতে— লর্ডস (লন্ডন), ওল্ড ট্রাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), দ্য ওভাল (লন্ডন) এবং ব্রিস্টল।

ইত্তেফাক/জেডএইচ