নরসিংদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ মে ২০২৫, ১৮:৪১

নরসিংদীর শিবপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ মে) দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো, শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে হাবিবা আক্তার (০৯)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

নিহতের স্বজনরা জানান, মামার বাড়িতে বেড়াতে আসা হাবিবা আক্তার দুপুরে বোন সোহাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সোহা এবং হাবিবা পানিতে তলিয়ে যায়। এ সময় স্বজনরা তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসাইন বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সম্ভবত সাতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

 

ইত্তেফাক/এসএএস