সিলেটে বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:২৪

সিলেট অফিস

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০২১ সালে আমরা উন্নত দেশে পরিণত হতে চাই। সেই লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষায় আরো মনযোগী হতে হবে। এজন্য শুধু গাছ লাগালে চলবে না, পরিবেশ রক্ষায় যা দরকার সবই করতে হবে। যারা যারা পাহাড়-টিলা কাটছে, নদী ও খাল-বিল ভরাট করে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

শনিবার অপরাহ্নে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বৃক্ষ রোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী এ সময় পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদেরও নির্দেশ দেন।

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। বৃক্ষ মেলা অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন এলাকার সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের ৭৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তুলে দেন । এরপর মাদ্রাসা মাঠে বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. বেলাল উদ্দিন আহমদ প্রমুখ।