বাঘা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাঘায় ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার ভোররাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বাঘা থানা পুলিশ বিভিন্ন অপরাধে তাদের আটক করেন। সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ উপজেলার চন্ডিপুর এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল সেবনের অভিযোগে ঐ এলাকার শিমুল সরকার ও শিমুল আলীসহ হিজোল পল্লি গ্রামের লিটন আলীকে আটক করেন। এর আগে রাত ৯টার দিকে নারায়ণপুর এলাকা থেকে ঐ গ্রামের সুশান্ত কুমারকে গাঁজা সেবনের সময় আটক করা হয়।
অপরদিকে, শনিবার ভোর রাতে আড়ানী গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত আসামি হানিফ এবং ঢাকা চন্দ্রগাথী থেকে হামিদ নামে অপর এক আসামিসহ পারসাওতা বিনোদপুর থেকে ফেনসিডিল মামলার আসামি রেজাউলকে আটক করে পুলিশ। এর আগে আড়ানী নুরনগর খয়ের মিল এলাকা থেকে চারশ পিস ইয়াবাসহ মুর্শিদ আলম ও মমিনুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। এদের বাড়ি উপজেলার সীমান্তবর্তী রাওথা ও মীরগঞ্জ ভানুকর গ্রামে বলে জানা গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল ওহাব ঘটনাটি নিশ্চিত করে বলেন, আটককৃতদের প্রত্যেককে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
