চট্টগ্রামে অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেফতার

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:২৫

চট্টগ্রাম অফিস

আবারও তত্পর হয়ে উঠেছে চট্টগ্রাম কেন্দ্রীক চেতনানাশক প্রয়োগ করে মানুষের সর্বস্ব ছিনতাইকারী অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা। এসব অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা বাস, ট্রেন, টেম্পু, সিএনজি চালিত অটোরিকশায় মওকা বুঝে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব ছিনতাই করে আসছিল। নগরীর টাইগার পাস ও পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- চুন্নু (৩৬), মো. জসিম (৩২), নুর ইসলাম (৩৫) ও মো. আকবর (৩৫)। তারা সবাই ভোলা জেলার লালমোহন থানার চর সখিনা গ্রামের বাসিন্দা। এ কারণে তাদের দলটি ‘ভোলাইয়া গ্রুপ’ নামে পরিচিত। কোতোয়ালি থানা পুলিশ গতকাল শনিবার জানায়, গত শুক্রবার থেকে বিগত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে টাইগার পাস পুলিশ বক্স এলাকায় চুন্নু ও আকবরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে জসিম ও নুর ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা অজ্ঞান পার্টির সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। গত ১০ বছরে দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ করেছে। চট্টগ্রাম মহানগরীতে গত কয়েক বছরে শতাধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র তারা ছিনিয়ে নিয়েছে। গত ১০ বছরে তারা মাত্র দুইবার গ্রেফতার হয়। এর মধ্যে একবার মুন্সিগঞ্জ জেলার মাওয়া ফেরিঘাটে এবং আরেকবার নোয়াখালীতে।