রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে জ্বালানী উপদেষ্টা

আপডেট : ০৩ মে ২০২৫, ২০:১৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় তিনি প্রকল্প সংশ্লিষ্টদের সব পর্যায়ের কাজ জরুরী ভিত্তিতে শেষ করে গ্রীডলাইনে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন।

শনিবার (৩ মে)  মুহাম্মদ ফাওজুল কবির খান নির্মাণাধীন ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা এবং টাওয়ারসহ গ্রীড লাইনের সব কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় উপদেষ্টা বলেন, ‘আমরা শুধু চাই চাই করি। কিন্তু দেশকে কী দিলাম, কর্মরত প্রতিষ্ঠানের জন্য কতটুকু কাজ করলাম কী এর কোনো হিসাব করি না।’ 


পরে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সড়ক বিভাগ, রেলওয়ে, পিজিসিবি, বিটিসিএল, রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান এতমষ্ট্রয় এক্সপোর্ট এবং গ্রীডলাইনের ঠিকাদারী প্রতিষ্ঠানসহ প্রকল্পের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় পিছিয়ে পড়া গ্রীডলাইনের কাজ দ্রুত শেষ করা নির্দেশনা দেওয়া হয়। 
 
এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্বে) ড. মো. কামরুল হুদা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশীদ খান, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ম্যানেজিং ডিরেক্টর ও রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট প্রকল্পের পিডি ড. মো. জাহেদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসএএস