শিক্ষার্থীর স্বার্থ রক্ষাকারী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম দেশে শিক্ষার অসঙ্গতি নিরসন ও শিক্ষা সংস্কারসহ ১২ দফা দাবি জানিয়েছে।
শনিবার (১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
এতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ডাকসু'র সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ডা. মোস্তাক হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিকারুন্নেছা নুন স্কুলের অভিভাবক ও বরিশাল বিভাগ সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, ফোরামের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, আইডিয়াল স্কুল অভিভাবক ফোরামের সভাপতি আহসানউল্ল্যা মানিক, সাবেক সাধারণ সম্পাদক সেলিমউদ্দিন, সহসভাপতি ফাহিম উদ্দিন আহমেদ, আইডিয়াল স্কুলের অভিভাবক নেতা মশিউর রহমান, উত্তরা হাই স্কুলের অভিভাবক নেতা শরীফ সারোয়ার, আইডিয়াল স্কুল বনশ্রী শাখার অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক শাহ আলম জয়, ভিকারুন্নেছার নেত্রী মারজানা বেগম প্রমুখ।
বক্তারা শিক্ষা সংস্কার কমিশন গঠন, আইন করে কোচিং বাণিজ্য নিষিদ্ধ, রাজধানীতে টিউশন ফি নীতিমালা দ্রুত বাস্তবায়ন, আইডিয়াল-ভিকারুন্নেছা-মনিপুর হাইস্কুলে সেনাবাহিনীর ব্রিগ্রেডিয়ার জেনারেলকে অধ্যক্ষ পদে প্রেষণে নিযুক্ত করা, দুদক কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির তদন্ত, ছাত্রীদের যৌন নির্যাতনকারী শিক্ষকদের চাকরীচ্যুত করা, সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করাসহ ১২ দাবি বাস্তবায়ন করার জোর দাবি জানান।
