মনোহরগঞ্জে ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত ৯ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৪ মে ২০২৫, ১৭:০৩

কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩২) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (৩ মে) দিবাগত রাত এগারোটায় মনোহরগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরগঞ্জ থানায় একটি মামলা রুজুর কথা জানায়। 

পুলিশের তথ্য অনুযায়ী আসামির বিরুদ্ধে দুইটি ওয়ারেন্টসহ মনোহরগঞ্জ থানায় নয়টি মামলা রয়েছে বলে জানা গেছে। রোববার (৪ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে বিকালে টহলরত সেনাবাহিনীর সদস্যরা উপজেলার লক্ষণপুর বাজার থেকে ইয়াবাসহ সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে চৌদ্দ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার সরসপুর ইউপির ভাউপুর গ্রামে। সে ঐ গ্রামের সৈয়দ আহমদের ছেলে। 

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আসামির বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাছাড়া আসামির বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও অস্ত্র মামলাসহ ৯টি মামলা রয়েছে। হত্যা ও অস্ত্র আইনে চলমান মামলায় তার বিরুদ্ধে দুইটি ওয়ারেন্ট রয়েছে।

ইত্তেফাক/এএইচপি