ইত্তেফাক রিপোর্ট
লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার ইউরোপে অবস্থানরত বাংলাদেশের দূতদের সম্মেলনে অংশ নেন। স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডনের তাজ হোটেলে এ সম্মেলন শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল। সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধি যোগ দেন। কর্মসূচি অনুযায়ী প্রত্যেক দূত নিজ নিজ মিশনের কর্মকাণ্ড, বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করবেন এবং এ বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব শহীদুল হক সম্মেলনে বক্তব্য দেবেন। এ ধরনের সম্মেলন এটিই প্রথম।
সম্মেলনে যোগদানকারী দূতরা হলেন আবু জাফর (অস্ট্রিয়া), মো. শাহাদত্ হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানি), জসিম উদ্দিন (গ্রিস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ডস), মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগাল), ড. এস এম সাইফুল হক (রাশিয়া), হাসান মাহমুদ খন্দকার (স্পেন), নাজমুল ইসলাম (সুইডেন), শামীম আহসান (সুইজারল্যান্ড) ও সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কূটনৈতিক ও অর্থনৈতিক ইস্যুর পাশাপাশি আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে।
