নীলফামারীতে দুই তারকার ভোটের লড়াই

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:১৬

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ভোট যুদ্ধের লড়াইয়ে মাঠে দুই তারকা। নিজ নিজ স্থান থেকে দু’জনেই স্টার। নীলফামারী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূর ও নীলফামারী-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া কণ্ঠশিল্পী ব্ল্যাক ডায়মন্ডখ্যাত বেবী নাজনীন। প্রত্যাশা আর প্রাপ্তিতে আলাদা আলাদা হলেও তারা দু’জন দুই মেরুর রাজনীতির এক কাতারে দাঁড়িয়েছে। যদিও বাকের ভাই রাজনীতিতে সফল। সে ক্ষেত্রে ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীনের আগমন রাজনীতিতে সবেমাত্র শুরু।  ১৯৯৮ সালের গোড়ার দিকে নীলফামারীর রাজনীতিতে যুক্ত হন কলেজ জীবনে ছাত্র ইউনিয়নের তুখোড় বক্তা আসাদুজ্জামান নূর। দেশসেরা আবৃত্তিকার ও নাট্যাভিনেতা, মঞ্চ মাতানোর মধ্যে দিয়ে তার পথচলা। ২০০১ থেকে টানা নীলফামারী-২ (সদর) আসনের এমপি তিনি। সকলের কাছে সমান জনপ্রিয় ব্যক্তিটি আওয়ামী লীগের রাজনৈতিক গণ্ডি পেরিয়ে সদালাপী হাস্যোজ্জ্বল সাদামাঠা ব্যক্তি ইমেজ তাকে পাকাপোক্ত করেছে নীলফামারী জেলার রাজনীতিতে। এবার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমেজে ভাগ বসাতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীন। তার জন্মভূমি অবাঙালি অধ্যুষিত উপজেলা সৈয়দপুর ও কিশোরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কণ্ঠশিল্পী বেবী নাজনীন চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির দৌড়ে অনেকটাই এগিয়ে। তার জনপ্রিয়তাও রয়েছে জন্মভূমি সৈয়দপুরে।