সাত কলেজের শিক্ষার্থীদের সাত দিনের আলটিমেটাম

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০০:৪৪

বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী মনিজা আক্তার মিতুর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অন্যান্য দাবি আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তারা এ দাবি জানান।

প্রসঙ্গত, অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় তিন বিষয়ে ফেল করায় গত মঙ্গলবার (১৬ জুলাই) আত্মহত্যা করেন মনিজা আক্তার মিতু। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায়।

মিতুর আত্মহত্যার ঘটনায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে মানববন্ধন করে তার সহপাঠী ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে যান।

সেখানে শিক্ষার্থীরা বলেন, ‘মিতু তিন বিষয়ে অকৃতকার্য হওয়ার মতো ছাত্রী না। বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিকভাবে খাতা মূল্যায়ন করেনি। তাই গণহারে সবাই অকৃতকার্য হয়েছে।’

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে : মিতুর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করে এক সপ্তাহের মধ্যে ফলাফল দেওয়া, এক মাসের মধ্যে সব পরীক্ষার ফলাফল দেওয়া, সব বিভাগের ফলাফল একসঙ্গে দেওয়া, ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ না করা, সাত কলেজের জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা এবং পূর্বে ঢাবি প্রশাসনের দেওয়া আশ্বাসগুলো বাস্তবায়ন করা।