বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশি নাগরিক প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন তা ‘ডাহা মিথ্যা’ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহার ভিত্তিহীন মিথ্যা অভিযোগের কঠোর প্রতিবাদ এবং তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। প্রিয়া সাহার এই চরম মিথ্যাচার এবং সাজানো গল্পের পেছনে অশুভ উদ্দেশ্য রয়েছে। তার এই বক্তব্যের লক্ষ্য ছিল বাংলাদেশকে কলঙ্কিত করা।
বিবৃতিতে বলা হয়, গত ১৮ জুলাইয়ের একটি ভিডিও বাংলাদেশ সরকারের নজরে এসেছে। সেখানে প্রিয়া সাহাকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রিয়া এ সময় ট্রাম্পকে বলেন, ‘বাংলাদেশ থেকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের ৩ কোটি ৭০ লাখ লোক নিখোঁজ রয়েছে। এখনো সেখানে ১৮ মিলিয়ন (এক কোটি ৮০ লাখ) সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ আমাদের সাহায্য করুন। আমরা দেশ ত্যাগ করতে চাই না।’ তিনি বলেন, ‘আমি আমার ঘর হারিয়েছি, আমার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার জমি কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এসব ঘটনার এখন পর্যন্ত কোনো বিচার হয়নি।’ এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প তাকে জিজ্ঞেস করেন— ‘কারা এসব করছে?’ জবাবে বাংলাদেশি ঐ নারী বলেন, ‘উগ্রবাদী মুসলিম গোষ্ঠী এই কাজ করছে। যারা সব সময় রাজনৈতিক আশ্রয়ে থাকে।’ প্রিয়া যখন ট্রাম্পকে এসব কথা বলেন তখন ১৬ থেকে ১৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডম সভা অনুষ্ঠিত হচ্ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাতিঘর, এখানে সকল বিশ্বাসের লোকেরা দীর্ঘকাল ধরে শান্তিতে বসবাস করে আসছে। বাংলাদেশ যখন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের বেশি মিয়ানমার নাগরিককে অস্থায়ী আশ্রয়দানের সিদ্ধান্ত নেয় তখন গোটা বিশ্ব বাংলাদেশের মানবিক আচরণ ও উদারতার প্রশংসা করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সরকার আশা করে এ ধরনের বড়ো আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজকরা প্রকৃতপক্ষে দায়িত্বশীল ব্যক্তিদের আমন্ত্রণ জানাবেন যারা ধর্মীয় স্বাধীনতার সত্যিকার চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে কার্যকর অবদান রাখবেন।
এদিকে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশেষ মতলবে প্রিয়া সাহা উদ্ভট অভিযোগ করেছেন। শুক্রবার হার্ভার্ড ইউনিভার্সিটিতে রোহিঙ্গা সংকট নিয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে লন্ডন রওয়ানা হওয়ার আগে এক প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহার করা অভিযোগ একেবারেই মিথ্যা। আমি এমন আচরণের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।’
