কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে জাফর আলম প্রকাশ মাইক জাফর (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৫ মে) ভোর ৫টার দিকে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উচিতার বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাফর আলম ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকার মৃত কালু চৌকিদারের ছেলে।
নিহতের পরিবার সদস্যরা জানিয়েছেন, সোমবার ভোরে বাড়ির উঠানেই একটি দলছুট বন্য হাতি জাফর আলমকে আক্রমণের পর শুঁড় দিয়ে আঁছড়িয়ে হত্যা করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা হাতির আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে বিকল্প পথে বাড়ি থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী। তিনি বলেন, ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকাটি একসময় বন্য হাতির অভয়ারণ্য ছিল। সেখানে বনের জায়গা অবৈধ দখলে নিয়ে অসংখ্য বসতি স্থাপন করা হয়েছে। সোমবার ভোরে জাফর আলম বাড়ির বাহিরে বের হওয়ার পর হঠাৎ একটি দলছুট একটি বন্য হাতির সামনে পড়ে যায়। এ সময় বন্য হাতিটি জাফর আলমকে আক্রমণের পর শুঁড় দিয়ে আঁছড়িয়ে হত্যা করে
জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে জাফর আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা নিহতের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছি। সরকারি নিয়ম মোতাবেক নিহত ব্যক্তির পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।
