ঈশ্বরগঞ্জ ও আড়াইহাজারে প্রতিবন্ধী নারী ও শিশু ধর্ষণের শিকার

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:৫৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাকপ্রতিবন্ধী নারী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর—

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জে এক বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। গত শুক্রবার উপজেলার জাটিয়া ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মামলার এজাহার ও পুলিশ সূত্র জানা যায়, মুনায়েমের ফিসারির পাড় দিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের দুলাল মিয়ার ছেলে সজীব মিয়া জোরপূর্বক ঐ নারীকে ধর্ষণ করে। বাড়ি ফিরে সে তার পরিবারের কাছে ধর্ষণের বিষয়টি ইশারা ইঙ্গিতে জানালে তার ভাইবোনকে নিয়ে সজীব মিয়ার বাড়ি যায়। সে সজীবকে ধর্ষণকারী হিসেবে চিহ্নিত করলে সজীব পালিয়ে যায়।   তার ভাই বাদী হয়ে গতকাল ধর্ষক সজীবকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। ঈশ্বরগঞ্জ থানার এসআই সজীব ঘোষ জানান, ধর্ষণকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজারে শারীরিক প্রতিবন্ধী শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার আড়াইহাজার পৌরসভাধীন মুকুন্দী গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবা জানান, আকাশ তার শারীরিক প্রতিবন্ধী কন্যা শিশুকে বাড়ির পার্শ্ববর্তী একটি মাদ্রাসার পেছনে নিয়ে ধর্ষণ করে। তার মেয়ে বাড়ি ফিরে মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানান। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিত্সক তাহমিনা জানান, শিশুটির ধর্ষণের আলামত রয়েছে। তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।