সংবাদ সংগ্রহের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের গুলি করে হত্যার হুমকি দিয়েছে বিতর্কিত ছাত্রলীগ নেতা শোয়েব হাসান হিমেল এবং মো. রাইহান ওরফে জিসান। শুক্রবার রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উদ্দেশ্য করে তারা গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের কর্মীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে কুবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল সাংবাদিকদের অশালীন ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল থেকে সরে যেতে বলেন। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি তানভীর সাবিক প্রতিবাদ করলে হিমেল বলেন, ‘গুলি করব। বুলেট সাংবাদিক চিনে না, সাংবাদিক পাইলেই গুলি করে মারব।’ এসময় ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাইহান ওরফে জিসান বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি আবু বকর রায়হানকে মারার জন্য তেড়ে আসেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ সিনিয়র নেতারা এসময় তাদের থামানোর চেষ্টা করেন। এদিন সন্ধ্যায় এক সাংবাদিককে চোখ তুলে নেয়ার হুমকিও দেন হিমেল।প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে ছাত্রলীগ নেতা শোয়েব হাসান হিমেল বলেন, ‘আমি রাগের মাথায় এটা বলেছি। আমার কাছে কালকে কোনো অস্ত্র ছিল না।’ তবে ছাত্রলীগ নেতা জিসানকে ফোনে পাওয়া যায়নি।
কুবি ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘সাংবাদিকদের হুমকি বা লাঞ্ছিত করলে তাদের দায় ছাত্রলীগ নিবে না। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীর পর সাংবাদিকরা স্বেচ্ছাসেবী হিসেবে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেন। তাদের সাথে যারা অছাত্রসুলভ আচরণ এবং হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে ছাত্রসংগঠন, সাংবাদিক ও আমরা সবাই মিলে ব্যবস্থা নিব।
