মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টা বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল শনিবার দুপরে নাজিরপুরে তাঁর নিজ বাসভবনে অবস্থানকালে ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, শুধু পিরোজপুর-নাজিরপুর নয়, সারাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতির মধ্যে বসবাস করছে। সম্প্রতি পিরোজপুরের নাজিরপুর উপজেলার চর বানিয়ারি গ্রামের মেয়ে প্রিয়া বালা বিশ্বাস ওরফে প্রিয়া সাহার বক্তব্য শুধু ব্যক্তিস্বার্থ হাসিলের জন্যই পুরো বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে মিথ্যাচার। তার এই মিথ্যাচার নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে পিরোজপুরের হিন্দু সম্প্রদায় ও নেতারা।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব দৃষ্টান্তের একটি রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চমত্কার সাম্প্রদায়িক সম্প্রীতিতে দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করে আসছে। নাজিরপুর উপজেলায় একজনও সংখ্যালঘু মানুষ গুম হয়নি, অবিচারের শিকার হয়নি। জমিজমার বিষয়ে বিরোধ হতে পারে। তবে কখনোই কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু অবিচারের ঘটনা নাজিরপুরে ঘটেনি। প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ অসত্ উদ্দেশ্যপ্রণোদিত, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং উসকানির অপপ্রয়াস। নাজিরপুরের হিন্দু সম্প্রদায়ের লোকেরাও প্রিয়া সাহার বক্তব্যের সঙ্গে একমত নয়।
নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার বলেন, এই উপজেলার জনসংখ্যার প্রায় অর্ধেক হিন্দু। প্রিয়া সাহার কথিত অভিযোগের কোনো সত্যতা নেই। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা সভাপতি তুষার কান্তি মজুমদার বলেছেন, পিরোজপুরের নাজিরপুর ও পাশের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত মৃত বলেশ্বর নদীর চরের জমি নিয়ে চরবনিয়ারী গ্রামসহ এ দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে ব্রিটিশ আমল থেকে বিরোধ বিরাজমান। এর সঙ্গে দুই উপজেলার মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের লোকজন জড়িত। এ নিয়ে বিভিন্ন সময়ে হামলা ও পালটা হামলার ঘটনা ঘটেছে। তবে এখানে কখনো ধর্মীয়ভাবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রিয়া সাহার বাবার বাড়িতে গত ৩ মার্চ যে ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল, তার সঙ্গে সংখ্যালঘু নির্যাতনের কোনো সম্পর্ক নেই।
পিরোজপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল মণ্ডল জানান, ‘প্রিয়া সাহার এই বক্তব্য উদ্ভট ও মিথ্যাচার। তিনি কেন এবং কী উদ্দেশ্যে এভাবে মিথ্যাচার করেছেন, তা আমাদের বোধগম্য হচ্ছে না। পিরোজপুরে হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মের লোকজন ভালো রয়েছে।’
