জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ‘পার্লামেন্টারি ফোরাম অ্যাট দ্য ২০১৯’ এবং ‘হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ ও এই সম্পর্কিত কয়েকটি বৈঠকে যোগদান শেষে গতকাল শনিবার বিকালে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুলাই ইউএন কনফারেন্স বিল্ডিংয়ে ‘গ্রোয়িং ইনিকোয়ালিটিস অ্যান্ড ডিস্ট্রাস্ট ইন গভর্নমেন্ট:ব্রেকিং দ্য সাইকেল’ শীর্ষক সেশনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্পিকার। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘এসডিজি লক্ষ্য পূরণে বাংলাদেশের অর্জন ও ভবিষ্যত্ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় স্পিকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। স্পিকারের নেতৃত্বে পার্লামেন্টারি ফোরামের অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের অপর সদস্য ছিলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
