মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন ও দেশান্তরিত হওয়ার বিষয়ে যে অভিযোগ করেছেন সেটির সঙ্গে দ্বিমত পোষণ করে নিন্দা জানিয়েছে শ্রীকৃষ্ণ সেবা সংঘ। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শ্রীকৃষ্ণ সেবা সংঘের আহ্বায়ক নকুল চন্দ্র সাহা, সদস্য সচিব সংবাদিক সুজন দে ও যুগ্ম সদস্য সচিব ডি কে সমির এই নিন্দা জানিয়ে বলেন, প্রিয়ার ঐ বক্তব্যের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একমত নয়।
বিবৃতিতে তারা বলেন, প্রিয়া সাহার বক্তব্যে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। তার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। কোনো একটি বিশেষ গোষ্ঠীকে খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে প্রিয়া এ ধরনের অদ্ভুত ও অসত্য কথা বলেছেন।
