প্রিয়া সাহার বক্তব্যের জোরালো প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন আজ

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০০:৩০

সম্প্রীতি বাংলাদেশ বলেছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের প্রিয়া সাহা যে সব কথা বলেছেন তা বাংলাদেশের হাজার বছরের দর্শন বিরোধী এবং মহান মুক্তিযুদ্ধের পবিত্র চেতনাকে অস্বীকার ও অবজ্ঞার সামিল। সম্প্রীতি বাংলাদেশ বিষয়টিকে দেশ ও সরকার বিরোধী গভীর ষড়যন্ত্র বলে মনে করে বিধায় তাত্ক্ষণিক প্রতিক্রিয়া বিবৃতির মাধ্যমে ইতিমধ্যে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজ রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে উল্লেখিত বিষয়টি নিয়ে আরো জোরালো প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে সম্প্রীতি বাংলাদেশ একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে।

সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য রাখবেন সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ড. মামুন আল মাহাতাব (স্বপ্নিল)’র পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন সাবেক সচিব মোঃ নাসির উদ্দিন আহমদ, একুশে টেলিভিশনের সিইও মে. জে (অবঃ) মোহাম্মদ আলি শিকদার, অর্থনীতি বিশ্লেষক ও কলামিস্ট ড. রমনিমোহন দেবনাথ, বৌদ্ধ ধর্মীয় নেতা মিলন ভান্তে, করুনা ভান্তে, হিন্দু ধর্মীয় নেতা গোপাল চক্রবর্তী, আনন্দ চন্দ্র বাউল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া, খ্রিষ্টান ধর্মীয় নেতা রেভারেন্ড মার্টিন অধিকারী,  বিশপ পাল এস সরকার, উইলিয়াম প্রলয় সমাদ্দার, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী প্রমুখ।