রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের কথা শুনলেন আইসিসি প্রতিনিধি দল

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০০:৩২

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ছয় সদস্যের প্রতিনিধি দল।

শনিবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে আইসিসি প্রতিনিধি দল নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তবে এসময় কঠোর গোপনীয়তা রক্ষা করেন প্রতিনিধি দল। তারা কোনো গণমাধ্যমকর্মীকে কাছে আসতে দেননি। পাশাপাশি সাথে থাকা প্রশাসনের কর্মকর্তা কিংবা কথা বলা কোনো রোহিঙ্গাদেরও ছবি তুলতে দেননি। বিকেলে তারা কক্সবাজার ফিরে যান। রবিবার কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তার (আরআরআরসি) সাথে তাদের বৈঠক হবার কথা রয়েছে বলে জানিয়েছে ক্যাম্প সূত্র ।

ক্যাম্প সূত্রমতে, শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান আইসিসি প্রতিনিধি দল। কক্সবাজারে রাত্রিযাপনের পর সকালে গাড়িযোগে কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান প্রতিনিধি দল। ওখানে ক্যাম্প ইনচার্জ ওবাইদুল্লাহর কার্যালয়ে ক্যাম্প ও উপজেলা কর্মকর্তাদের সাথে ঘণ্টাব্যাপী আলোচনা করেন তারা। সেখান থেকে বেরিয়ে ক্যাম্পের বিভিন্ন এলাকা পরিদর্শন ও রোহিঙ্গা নারী-পুরুষদের সাথে কথা বলেন।

উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন শেষে আইসিসি প্রতিনিধি দল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনার পাড়ায় শূন্য রেখায় অবস্থান নেওয়া রোহিঙ্গা ক্যাম্প দেখতে যান। সেখানে আইসিসি প্রতিনিধি দলের কাছে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ রোহিঙ্গাদের উপর নির্যাতনের বর্ণনা দেন।