সৌদি আরবে মার্কিন সৈন্য মোতায়েনে সম্মতি দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে এই সম্মতি দেওয়া হয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে। এমন সময় এই অনুমোদন দেওয়া হলো যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিরোধ বাড়ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রণালয়ও জানিয়েছে, হুমকি মোকাবেলায় সৌদি আরবে সৈন্য এবং সামরিক অস্ত্রাদি মোতায়েন করা হবে। সৌদি প্রতিরক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তার বরাত দিয়ে এসপিএ জানিয়েছে, আঞ্চলিক প্রতিরক্ষা এবং স্থিতিশীলতা রক্ষায় মার্কিন সৈন্য মোতায়েনে সম্মতি দেওয়া হয়েছে। এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি এসপিএ। গত মাসে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ১ হাজার সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছিল। তবে কোথায় মোতায়েন করা হবে তা জানানো হয়নি। সমপ্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে সিএনএন জানায়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক আরো জোরালো করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটিতে নতুন করে ৫০০ মার্কিন সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। -রয়টার্স
