নির্বাচনী টুকরো খবর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:২০

ধামরাইয়ে আওয়ামী লীগের যৌথসভা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ধামরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ কর্মীসভা শনিবার অনুষ্ঠিত হয়। এটি ছিল নৌকার মাঝি-মাল্লাদের এক মিলন মেলা। ঢাকা-২০ আসনে নৌকার মাঝির পরিবর্তন হয়ে নতুন মাঝি হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমেদ। এমতাবস্থায় সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীরা সমবেত হন একই নৌকার পতাকাতলে। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক নৌকার টিকিট না পেয়েও তার অনুগত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এ  মিলন মেলায় যোগ দেন। উভয় গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা সম্মিলিতভাবে কাজ করে নৌকার বিজয় অর্জনের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় ঢুলিভিটা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ মিলন মেলায় মিলিত হন। দুই শীর্ষ নেতাসহ সর্বস্তরের আওয়ামী লীগ নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

কুশল ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত মোস্তাফিজুর রহমান

মান্দা (নওগাঁ) সংবাদদাতা নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার)  আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

সুজানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

সুজানগর (পাবনা) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবিরকে জয়যুক্ত করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার সুজানগর উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা সুজানগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান খান, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

ডামুড্যায়  নৌকা মার্কার পক্ষে উঠান বৈঠক

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে সোমবার বিকেলে উপজেলার সিকদার বাড়ির ঘাটায় পৌরসভার ৮নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক করেন বেগম ফরিদা রাজ্জাক। এতে প্রধান অতিথি ছিলেন শরীতপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিম রাজ্জাক। মতিউর রহমান সিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ খালেদ রহমান সিকদার। বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রহমান বাবলু সিকদার। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারী। এ সময় আরো উপস্থিত ছিলেন কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান (বাচ্চু), শিধলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আ. মান্নান রাঢ়ী প্রমুখ।

 গোমস্তাপুরে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়

 গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান মঙ্গলবার তার নির্বাচনী এলাকার (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. ইয়াশিন আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, অন্যতম মনোনয়ন প্রত্যাশী ডা. আশরাফুল হক চুনু, খুরশিদ আলম বাচ্চু, মহন্ত শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী, ড. অজিত দাস, গোলাম মোহাম্মদ ফিটু, আব্দুল খালেক প্রবীণ আওয়ামী লীগ নেতা হুমায়ূন রেজা, ডা. আশরাফুল ইসলাম, মকবুল হোসেন ফন্টু মিঞা, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম প্রমুখ। সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নন্দীগ্রামে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা  জেলার নন্দীগ্রামে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয়ে গত সোমবার সন্ধ্যায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিমের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ওসমান গণি মাসুদের সঞ্চনালয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের  সভাপতি মেহেদী হাসান হিমু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, বিএনপি নেতা সুশান্ত কুমার শান্ত, আলহাজ শামছুর রহমান, উপজেলা যুবদলের যগ্ম-আহ্বায়ক শফিউল আলম সুমন প্রমুখ।