নিকলী-করগাঁও সড়ক বেহাল ভোগান্তিতে দুই ইউনিয়নবাসী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কোনো কোনো স্থান ভেঙে নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছে। অনেক স্থানে ছোট-বড় গর্ত থাকায় উঁচু-নিচু হয়ে আছে। বাতাস জোরে শুরু হলে বালু উড়ে যাত্রী ও পথচারীদের নাকে-মুখে ঢোকে। এ দুরবস্থা নিকলী উপজেলার নিকলী-করগাঁও সড়কের।

সরেজমিনে দেখা গেছে,  কিশোরগঞ্জে নিকলী-করগাঁওয়ের সড়কের দৈর্ঘ্য মাত্র সাড়ে চার কিলোমিটার। কিন্তু সড়ক জুড়ে রয়েছে অসংখ্য গর্ত ও ভাঙা। এতে নিকলী উপজেলা সদরের লোকজন কিশোরগঞ্জ জেলা সদরের ও করগাঁওয়ের লোকজন নিকলী সদরের সঙ্গে যোগাযোগ করতে দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। নির্মাণের পর আর সংস্কার না করায় সড়কের এ দুরবস্থা হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ বয়স্ক ও রোগী এবং ব্যবসায়ীদের।

স্থানীয় ব্যবসায়ী নেপাল সাহা বলেন, এ সড়ক দিয়ে একদিন মাল আনলে আর যেতে ইচ্ছা হয় না। কিন্তু জীবিকার তাগিদে না গিয়ে আর পারি না। সরকার যদি সড়কটির প্রতি একটু নজর দিতো আমাদের উপকার হতো।

নিকলী নেয়াপাড়া গ্রামের কাসেম বলেন, কয়েকদিন চিকিত্সা করে যেটুকু কোমর ব্যথা ভালো হয়েছিল এই সড়ক দিয়ে এসে আরো ব্যথা বাড়ছে।

নিকলী উপজেলা প্রকৌশলী আঃ রহমার মুহিম বলেন, এলজিইডির কিশোরগঞ্জ কার্যালয়ের অতিরিক্ত প্রকৌশলী সড়কটি পরিদর্শন করেছেন। এ অর্থবছরে সড়কটি সংস্কার করার পরিকল্পনা আছে।