ওমানে চতুর্থ দফা আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ মে ২০২৫, ১৮:৫০

যুক্তরাষ্ট্র ও ইরান ওমানের রাজধানী মাস্কাটে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা শুরু করেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, পারমাণবিক সমস্যা এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

রোববারের (১১ মে) আলোচনায় দুটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভেন উইটকফ। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।

এর আগে, আরাঘচি তার ওমানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং ইরান-মার্কিন আলোচনার আয়োজন ও সহায়তা করার জন্য মাস্কাটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে বসার আগে আরাঘচি সাংবাদিকদের বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি জাতীয় অর্জন, যা মহান মূল্যে অর্জিত হয়েছে; এর মধ্যে পারমাণবিক বিজ্ঞানীদের ত্যাগও অন্তর্ভুক্ত এবং তাই এটি দ্ব্যর্থহীনভাবে অ-আলোচনাযোগ্য।

তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা গঠনমূলকভাবে এগিয়ে যাবে। আলোচনা-সম্পর্কিত বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে নয় বরং আলোচনার টেবিলে সমাধান করা উচিত।

২০১৮ সালে একটি ঐতিহাসিক চুক্তি থেকে ওয়াশিংটন বের হয়ে যাওয়ার পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এটি চলতি বছর শুরু হওয়া সর্বোচ্চ পর্যায়ের চতুর্থ দফা আলোচনা।

ইত্তেফাক/এসকে