শুধু মানুষ না, তীব্র তাপদাহে অতিষ্ঠ গবাদি পশুও

আপডেট : ১১ মে ২০২৫, ২০:৪৯

শুধু মানুষ না, তীব্র তাপদাহে অতিষ্ঠ তৃণভোজী প্রাণীরাও। প্রচণ্ড গরমে জনজীবন যেখানে বিপর্যস্ত সেখানে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে চায় গবাদি পশুরাও। গরম সহ্য করতে না পেরে ফসলী মাঠের এককোণে একটি পরিত্যক্ত বাড়ীতে আশ্রয় নিতে দেখা গেছে শতাধিক গবাদি পশুকে। উপজেলা সদরের দিশাবন্দ-নোয়াপাড়া মাঠে গিয়ে দেখা গেছে এমন চিত্র। 

মালিকরা এসব গবাদি পশু সকালবেলা ছেড়ে দেন। সন্ধ্যা হলেই আপন গতিতে তারা নিজ নিজ বাড়ি ফেরে। আহারের সন্ধানে সারাদিন মাঠেই চরে বেড়ায় তারা। সরেজমিনে ভরদুপুরে উপজেলা সদরের পশ্চিম পাশের মাঠে গিয়ে দেখা মেলে ছোট-বড় শতাধিক গবাদি পশুর। সেখানে তীব্র খরতাপে মাঠের এককোণে গাছপালা সমৃদ্ধ একটি ছায়াঘেরা পরিত্যক্ত বাড়ীতে তাদের বিশ্রাম নিতে দেখা গেছে। প্রচণ্ড তাপদাহ যেন তাদের কাবু করে ফেলেছে। দিনের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেলে বিদীর্ণ মাঠের এসব গবাদি পশুরা গাছের নিচে সুশীতল ছায়া পেতে চলে আসে এখানে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল হলেই এ মাঠে নামতে শুরু করে গবাদি পশুর দল। বেলা বাড়ার সাথে সাথে গরু-ছাগলের সংখ্যাও বাড়তে থাকে। মাঠে এখন ফসল নেই। নদীর পাড়ে, জমির আইলে থাকা ঘাস খায় তারা। বিকালে পেট ভরে বাড়িতে যায়। গবাদি পশুর এমন অবাধ বিচরণে বৈরী আবহাওয়ায় বজধপাতের মত দুর্ঘটনায় কবলে পড়ার কথা উল্লেখ করেন তারা। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মমিনুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন প্রচণ্ড গরমে গবাদি পশুরও হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে। তীব্র তাবদাহে হিটস্ট্রোক ও ঝড় বৃষ্টির সময় বর্জাঘাত থেকে রক্ষা পেতে গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে রাখার পরামর্শ দেন তিনি।

ইত্তেফাক/এএইচপি