শাহবাগ ছেড়েছেন জুলাই আহতরা, জাদুঘরের সামনে অবস্থান

আপডেট : ১২ মে ২০২৫, ০১:০০

আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছিলেন জুলাই আন্দোলনে আহতরা। তবে পুলিশ চারপাশের ব্যারিকেড তুলে দেওয়ায় শাহবাগ মোড় থেকে সরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা। এতে স্বাভাবিক হয়েছে শাহবাগ দিয়ে যানচলাচল।

রোববার (১১ মে) রাত ১০টায় শাহবাগ মোড় থেকে সরে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।

এর আগে, রাত ৯টার দিকে শাহবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়। পুলিশ এসে প্রথমে মোড়ের গুরুত্বপূর্ণ চারটি সড়কের ব্যারিকেড তুলে দেয়। এরপর যানচলাচল শুরু হয়। তবে এরপরও শাহবাগ মোড়ের মাঝখানে বসে স্লোগান দিচ্ছিলেন আহতরা। পরে তারা জাদুঘরের সামনে চলে যান।

আন্দোলনরতরা বলছেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদ প্রকাশ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব দাবিতেই মূলত তারা এখনো অবস্থান নিয়ে আছেন।

এ সময় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শুক্র ও শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল, এই দুদিন আন্দোলন চলেছে। আগামীকাল ওয়ার্কিং ডে, কোনোভাবেই সড়ক বন্ধ রাখা যাবে না৷ আমরা ব্যারিকেড তুলে দিয়েছি। এখন যানবাহন চলাচল করছে। যদি কোনো প্রতিবন্ধকতা আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম