পাঁচজন যাত্রী নিয়ে চলাচলের দাবিতে সিএনজি চালক-মালিকদের আন্দোলন

আপডেট : ১২ মে ২০২৫, ১৮:১৮

ভোলার সড়কে তিনজন যাত্রী নিয়ে চালাতে চাইছেন না সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। তারা আগের মতো পাঁচজন যাত্রী নিয়েই চালানোর দাবিতে সোমবার (১২ মে) সকালে ভোলা সরকারি স্কুল মাঠে শত শত সিএনজি অটোরিকশা স্ট্যান্ড রেখে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন। 

প্রশাসক কার্যালয়ে দুপুর পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন সিএনজি চালক ও মালিকরা। পরে সিএনজি অটোরিকশা চলাচলে জেলা প্রশাসক কর্তৃক সিএনজি চালকদের উপর আরোপিত শর্ত শিথিলের দাবি ও সিএনজি চালক/মালিকদের আর্থিক ক্ষতি থেকে মুক্তির দাবিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।

স্মারকলিপি প্রদান শেষে ভোলা সিএনজি চালক/মালিক সমন্বয় পরিষদের সভাপতি মো: মাকসুদুর রহমান বলেন, গত ৬ মে ভোলায় জেলা প্রশাসকের এক সভায় চালক/মালিকদের উপর কিছু শর্ত আরোপ করা হয়। তাতে বলা হয়েছে, সিএনজি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না।

পাঁচজন যাত্রী নিয়ে চলাচলের দাবিতে সিএনজি চালক-মালিকদের আন্দোলন। ছবি: ইত্তেফাক

মাকসুদুর রহমান বলেন, তিনজন যাত্রী নিয়ে চলাচল করলে সিএনজি চালক বা মালিকদের লোকসান গুনতে হবে। এতে করে সিএনজি অটোরিকশা চালক ও মালিকদের পথে বসতে হবে।

তাই আগের মতো সিএনজিতে পাঁচজন করে যাত্রী চলাচলের দাবি জানাচ্ছেন সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। দাবি না মানলে ভোলার সড়কে প্রায় সাড়ে ৪০০ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে বলেও জানান সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, এ বিষয়ে বাস মালিক-শ্রমিক এবং সিএনজি অটোরিকশা চালক-মালিক সমিতির সঙ্গে দু'দফা সমঝোতা বৈঠকের পর একটা সিদ্ধান্ত হয়েছে। এবং উভয় পক্ষই সেই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এখন সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা এটা না মানলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। 

ইত্তেফাক/এএইচপি