টেইট মানুষ হিসেবে অনেক দয়ালু ও সাহায্যকারী: মিরাজ 

আপডেট : ১৩ মে ২০২৫, ১৬:৪৯

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষের দিকে দলে সঙ্গে যোগ দেবেন তিনি। টেইট কোচ হওয়ায় বেশ খুশি টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার (১৩ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। এ সময় টেইট প্রসঙ্গে তিনি বলেন, 'দেখেন শন টেইটের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম। আমি যে বার বিপিএলে অধিনায়ক ছিলাম চিটাগংয়ের সে বার শন টেইট কিন্তু কোচ ছিল। তো আমার কাছে মনে হয় ওর সঙ্গে বোঝাপড়াটা খুব ভালো ছিল। একজন মানুষ হিসেবে ও (শন টেইট) অনেক ভালো। অনেক দয়ালু এবং সাহায্যকারী।'

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট।

মিরাজ আরও বলেন, 'আমার মনে হয় এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে। এবং ও নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে। ও জানে এখানে কী করতে হবে। আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য যে ওকে বেছে নেওয়া হয়েছে।'

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়ে খুশি টেইট। তিনি বলেছিলেন, 'ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সম্প্রতি বলা হয়েছে, অনেক তরুণ পেসার আছে দলে যা দারুণ ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।'

ইত্তেফাক/জেডএইচ