সাতক্ষীরার শ্যামনগর উপজেলা–সংলগ্ন পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রেখে যাওয়া ৭৩ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে অসুস্থ হয়ে পড়া আটজনকেও স্বজনদের জিম্মায় দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ মে) কোস্টগার্ড মোংলা পঞ্চিমাঞ্চলের পক্ষ থেকে সংবাদ বিফ্রিংয়ের পর দুপুর ১২টার দিকে ৭৩ জনকে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল সোমবার অসুস্থ দুজনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কোস্টগার্ডের ব্রিফিংয়ের পর সুন্দরবনে রেখে যাওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অসুস্থ দুজনকে তাদের স্বজনদের কাছে আগেই হস্তান্তর করা হয়েছিল। বাকি তিন ভারতীয়কে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ অসুস্থ হয়ে পড়া আটজনকেও তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ভোরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া চরে কয়েকটি নৌযানে ৭৮ জনকে রেখে যায় বিএসএফ। পরে বন বিভাগের কর্মীরা তাদের মান্দারবাড়িয়া ক্যাম্পে নিয়ে রাখেন। এরপর কোস্টগার্ড তাদের উদ্ধার করে শ্যামনগর থানায় এনে রাখে। যাচাই করে দেখা যায়, পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশ। অন্য তিনজন ভারতীয় নাগরিক।
৭৮ জনের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক থাকায় তাদের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ৭৫ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
